শনিবার, ১২ মার্চ, ২০১৬

প্রিয়তম ও বিকেল আজীবন বিশ্বাসঘাতক (কৃতি ঘোষ)

“আপনি এত নির্মম ও সুন্দর
সুন্দর ও কোমল
কোমল ও নির্মম” বলেই প্রিয়মেয়েটি
আস্তানা গুটিয়ে মাঠের দিকে এগিয়ে যায়

এখানে দুরাত্তির ধ’রে ক্রমাগত শিলের টুকরোতে
ঘাসবন সাদা সাদা
ঘাসবন ছাড়াও যেইটুকু মাটি বাকি থাকে
তাতে ধোঁয়া ওঠা জল
শয়তান জানেন
         মেয়েটি আকস্মিকভাবেই
         পরাজিত হ’তে ভালবাসে

অলস ঋষির চেয়ে শয়তানের অভিশাপ ভাল
এও মেয়েটির অজানা নয়
এবং
বেশ্যালয়ে টাকার চেয়ে
    বিনিময়ে পাওয়া মদ অনেক বেশি সুস্বাদু
    ও শোকের মত যকৃত লোভী

তৃতীয়বারের জন্য মেয়েটি সফলভাবে
                         সারারাত্রির
দুটি সুগন্ধির শিশি নিয়ে আসে
শয়তান আপাতত যথেষ্ট মুগ্ধ
এবং তাকে নিয়ে প্রেমিক যেভাবে চঞ্চল হয়েছে
তাতে মেয়েটি নিশ্চিত
                   নরক প্রাপ্তির আগে
        শয়তানের ঠোঁটে একটি দীর্ঘ চুম্বন খাওয়া যেতেই পারে

মেয়েটি প্রেমিকের কাছে যায়
তাকে আদর দিয়ে ঘুম পাড়ায়
ফিরে আসে
বেশ্যালয়ের ছাদে তখনও খুব মন দিয়ে
শয়তান অপেক্ষারত

গ্লানিদায়ক কোনোকিছুই নয় ভবিষ্যৎ ছাড়া
গ্লানিদায়ক কোনোকিছুই যদিও নয়,
                                  ভবিষ্যৎ ছাড়া

হে মৃত্যু
হে চিরাচরিত বিদ্যুৎপ্রভ
আমাকে কবুল কর’